প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:৪২
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে প্রভাতের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্বেচ্ছাসেবীরাই পারে সমাজকে দারুণ কিছু উপহার দিতে
------জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আমরা সবাই নিজেরা হাসতে পছন্দ করি এবং অন্যকে হাসতে দেখেও পছন্দ করি। সবার সাথে হাসিমুখে কথা বলতেও পছন্দ করি। সবার সাথে আচরণটা ভালো করি। এই শিক্ষাটা গত ১০-১৫ বছরে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ বিচরণের কারণে আমাদের মাঝে কাউকে অসম্মান করা, অপমান করা, অশ্রদ্ধা করাটা প্রাতিষ্ঠানিক রূপে পরিণত হয়েছে। এখান থেকে যেনো আমরা সরে আসি। তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবীরাই পারে সমাজকে দারুণ কিছু উপহার দিতে। আজকে প্রভাতের এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। দীর্ঘ ৯টি বছর সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখায় আমি সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
|আরো খবর
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লীন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ।
প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা স্বপন মাহমুদ, আই এডুকেশনের ফাউন্ডার ও সিইও এবং সংগঠনের উপদেষ্টা মহসিন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, প্রভাত সমাজকল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি আমির হোসেন রাজু।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মাদক ও বাল্যবিবাহবিরোধী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে ১০জন সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা, ৮জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ৪জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করে সংগঠনটি। এছাড়া সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখায় প্রভাতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লীন চাঁদপুর ও মিনহাজুল ইসলাম নোবেলকে সম্মাননা প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দসহ সংগঠনের সদস্যরা কেক কেটে প্রভাতের নতুন বছরের পথচলাকে স্বাগত জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি এইচএম জাকির, বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সংগঠনের সহ-সভাপতি জুয়েল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল, সাংগঠনিক সম্পাদক সাজদিদুর রহমান পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য জেএম মাসুদ, সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও অভিভাবকগণ।
ডিসিকে/ এমজেডএইচ








