প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৮:৪৪
সিএনজি অটোরিকশা চলাচলে সহযোগিতা কামনা
পুলিশ সুপারের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতা কামনায় জেলা পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
|আরো খবর
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংগঠনের নেতারা শহরের যানজট, বিভিন্ন সময়ে আটক হওয়া সিএনজি অটোরিকশা এবং চালকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে স্বল্প জরিমানার মাধ্যমে আটক সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ দিতে ছয় মাসের জন্যে বিশেষ সময় দেয়ার আবেদন জানান তারা।
এ সময় পুলিশ সুপারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রেখে সিএনজি চলাচলে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন, সহ-সভাপতি মো. মনজুর আলম, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রিপন হোসেন, চাঁদপুর সদর মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন, সাধারণ সম্পাদক নয়ন এবং পৌর জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দলের সদস্য সচিব খোকন ফরাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ।ছবি ক্যাপশন : সিএনজি অটোরিকশা চলাচলে সহযোগিতা চেয়ে পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।








