বুধবার, ২৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২২:০৪

সাহিত্য একাডেমির চার দশকপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও উপহার প্রদান

বই পড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে

—অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বই পড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে
সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম।

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ জুন ২০২৬) বেলা ১১টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম। তিনি বলেন, জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নেই এবং বই পড়ে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, সাহিত্য একাডেমির আজকের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাহিত্য একাডেমির যে কোনো আয়োজনে আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো এবং পাশে থাকবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান।

সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সভাপতিত্বে এবং বৃক্ষরোপণ ও উপহার প্রদান উপকমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান ভূঁইয়া ও ছড়াকার কাজী রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য সুমন কুমার দত্ত ও একাডেমির সাধারণ সদস্য মুহাম্মদ হানিফ। এছাড়া এ আয়োজনে উপস্থিত ছিলেন একাডেমির সদস্য ও উপকমিটির সদস্য সচিব পলাশ কুমার দে, সদস্য আরিফুল ইসলাম শান্ত, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পলোয়ান, সমাজসেবক লিটন মজুমদার, সংস্কৃতি কর্মী এ এস পলাশ, সীমান্ত দাস ও মজিবুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সাহিত্যের বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন হওয়ায় বিদ্যালয় কতৃপক্ষসহ উপস্থিত সকলকে উপকমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান ভূঁইয়া ও সদস্য সচিব পলাশ কুমার দে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়