বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২২:১৩

ধনাগোদা নদীর খাগুরিয়া-হাঁপানিয়া এলাকায় ভাঙ্গন।। পাউবো কর্তৃপক্ষের পরিদর্শন

মাহবুব আলম লাভলু ও মো. কামরুল হাসান রাব্বি।
ধনাগোদা নদীর খাগুরিয়া-হাঁপানিয়া এলাকায় ভাঙ্গন।। পাউবো কর্তৃপক্ষের পরিদর্শন

মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর খাগুরিয়া ও হাঁপানিয়া এলাকায় সম্প্রতি নদীর ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। চলমান নদীভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করেছেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ও চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এলাকাবাসী জানান, সম্প্রতি ধনাগোদা নদীর ভাঙ্গন আরও তীব্র আকার ধারণ করেছে। ফলে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থাগ্রহণ না করলে ভাঙ্গনের বিস্তার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুরে কর্মকর্তারা ভাঙ্গনকবলিত এলাকা সরজমিনে পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীর তীররক্ষা বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় নদীর তীব্র স্রোত ও ভাঙ্গনের কারণে স্থানীয়দের উদ্বেগের বিষয়গুলোও তারা শোনেন।

পরিদর্শন দলে ছিলেন চাঁদপুর পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন এবং উপ-সহকারী প্রকৌশলী মো. জুবায়ের।

পরিদর্শনকালে নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, খাগুরিয়া ও হাঁপানিয়া এলাকার ভাঙ্গন পরিস্থিতি আমরা সরজমিনে পরিদর্শন করেছি। নদীর গতিপ্রকৃতি ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় কারিগরি মূল্যায়নের ভিত্তিতে দ্রুত ব্যবস্থাগ্রহণের উদ্যোগ নেয়া হবে। স্থানীয় জনগণের জানমাল ও স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, ভাঙ্গনরোধে স্থায়ী সমাধানের পাশাপাশি জরুরি ভিত্তিতে কী ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া যায়, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়