শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০২:২৮

রাত জেগে প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় থাকা আরিয়ান এখন হাসপাতালে

মো. মঈনুল ইসলাম কাজল।।
রাত জেগে প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় থাকা আরিয়ান এখন হাসপাতালে
ক্যাপশন - বাবার সাথে হাসপাতালের বেডে আরিয়ান।

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন। বাড়ির সামনে দিয়ে চলে যাবেন। অনেকের মুখে শুনেছে ও ফেসবুকে দেখেছে, প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে কথা বলছেন। সেই প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সারা রাত জেগে অপেক্ষা করেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরিয়ান। রাতে না ঘুমিয়ে বড়ো বোনকে বলেছে, যেভাবেই হোক আমি প্রধানমন্ত্রীকে দেখবো, টাটা দেবো। ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরিয়ান সকালে ঘুম থেকে উঠে স্কুলে যায়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অপেক্ষা করছিলো আরিয়ান। ঠিক সে মুহূর্তে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তার গায়ের ওপর উঠে যায়। মুহূর্তের মধ্যেই রাস্তায় লুটিয়ে পড়ে আরিয়ান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে তাকে কুমিল্লায় প্রেরণ করে। দুর্ঘটনায় তার দুটি পা ভেঙ্গে যায়। পরদিন তার অপারেশন সম্পন্ন হয়েছে। এখনো হাসপাতালের বেডে শুয়ে প্রধানমন্ত্রীকে দেখতে না পারার আক্ষেপ চোখে মুখে।

আরিয়ানের বাবা শাহনাজ একজন শ্রমজীবী মানুষ। অন্যের কাজ করে সংসার চালিয়ে থাকেন। ছেলের অপারেশন করতে এ পর্যন্ত দেড় লাখ টাকা ব্যয় করেছেন। পার্শ্ববর্তী এক ভাই থেকে ধার ও সুদে টাকা এনে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন শাহনাজ মিয়া। শেষ পর্যন্ত আরো কত টাকা লাগবে তা জানা নেই। আরিয়ানের মা কুলসুম বেগম ছেলের সেবায় হাসপাতালে পড়ে রয়েছেন। শাহনাজ মিয়ার চার সদস্যের সংসার ছিলো হাসি আর আনন্দে ভরা। হঠাৎ করেই তার একমাত্র ছেলে আহত হওয়ায় ভেঙ্গে পড়েছেন তিনি। তার সন্তানের স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়