বুধবার, ২০ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৫:১২

মাঝ নদীতে অসুস্থ যাত্রী, জরুরি সেবায় এগিয়ে এলো কোস্ট গার্ড

কবির হোসেন মিজি।।
মাঝ নদীতে অসুস্থ যাত্রী, জরুরি সেবায় এগিয়ে এলো কোস্ট গার্ড

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর। কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (২০ মে ২০২৬ ) সকালে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত ৮টার দিকে ভোলা থেকে দোয়েল পাখি-৮ নামের একটি যাত্রীবাহী লঞ্চে করে উন্নত চিকিৎসার জন্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এক অসুস্থ ব্যক্তি। রাত প্রায় ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন। এ সময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছে অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে সিভিল অ্যাম্বুলেন্সযোগে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়