প্রকাশ : ১৮ মে ২০২৬, ২২:৩২
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর বন্ধ ও দোষীদের শাস্তির দাবি

শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়ে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
|আরো খবর
সোমবার (১৮ মে ২০২৬) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর কবির ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজল।
উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সোহেল হোসেন, কোষাধ্যক্ষ খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান হেলাল ও দপ্তর সম্পাদক সঞ্জয় সূত্রধর।
বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ বিভিন্ন সময়ে চিকিৎসকদের ওপর হামলা, হাসপাতাল ও ক্লিনিকে ভাঙচুর এবং চিকিৎসা কার্যক্রমে বাধা দেয়ার মতো ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় চিকিৎসক সমাজের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তারা আরও বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক। এ ধরনের হামলা শুধু একজন চিকিৎসকের ওপর নয়, পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর আঘাত করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং হাসপাতাল-ক্লিনিকে হামলা ও ভাঙচুর বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।








