প্রকাশ : ১০ মে ২০২৬, ২১:০৮
মাদককে না বলার প্রত্যয়ে ফরিদগঞ্জ পূর্ব কাছিয়াড়ায় সচেতনতামূলক সভা

ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব কাছিয়াড়া কলেজ গেটে মাদকবিরোধী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) সন্ধ্যায় পূর্ব কাছিয়াড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।
মাদকবিরোধী ও সচেতনতামূলক সভায় ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছানাউল্লাহ পালোয়ান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী সুলতান আহমেদ পালোয়ান, জাহাঙ্গীর পালোয়ান, সাইফুল ইসলাম রামীম, বিল্লাল হোসেন খান, পারভেজ পালোয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। তারা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার শপথ পাঠ করান। সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতার আলো ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী আয়োজনের নেতৃত্ব দেন মো. ইয়াছিন পালোয়ান, মো. রাশেদ পালোয়ান, মো. শাহাদাত তফাদার, মো. নাঈম হোসেন পালোয়ান প্রমুখ।








