প্রকাশ : ০৯ মে ২০২৬, ২০:৩৩
ওয়ারুকে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। শনিবার (৯ মে ২০২৬) দুপুরে তিনি এ পরিদর্শনে আসেন। আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান উয়ারুকে খোদ্দ খাল খনন কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্নে বাস্তবায়ন করার লক্ষ্যে জেলা প্রশাসক খালটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, খাল খনন কর্মসূচিকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। সাধারণ মানুষের চলাচল, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। সরকারি উন্নয়নমূলক যে কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, ওয়ারুক বাজার এলাকার খাল পুনঃখনন করা হলে জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে। এতে স্থানীয় জনগণ উপকৃত হবে।সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় কর্মসূচির স্থান ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। স্থানীয়দের মধ্যেও এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।








