প্রকাশ : ০৪ মে ২০২৬, ২০:১৭
দেশে আসছে সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলের মরদেহ
বুধবার সকালে জানাজা

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক ইলশেপাড়ের ফরিদগঞ্জ সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য আবু তালেব সরদারের ছোট ছেলে মো. আলমাছ সরদার ফরিদ (২৪)-এর মরদেহ মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে দেশের উদ্দেশ্যে বিমানে উঠবে। দেশে পৌঁছানোর পর বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় পতিত হওয়ার পর আলমাছ সরদার ফরিদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কিন্তু তারা ঘটনার প্রায় দু সপ্তাহ পর সৌদি আরবস্থ দূতাবাসের মাধ্যমে মৃত্যুর সংবাদ পান। পরবর্তীতে যে দালালের মাধ্যমে ফরিদ সৌদি আরবে গিয়েছেন, তারা মরদেহ দেশে নিয়ে আসার জন্যে ব্যবস্থা করে দিবে বলে গত ১৫দিন ধরে টালবাহানা করে। এক পর্যায়ে তারা মরদেহ দেশে নিয়ে আসতে সহায়তা করবে না বলে জানালে সাংবাদিক আবু তালেব নিজে ব্যক্তিগতভাবে সৌদি আরবে থাকা তার নিকটজনের কাছে বাংলাদেশী টাকায় সাড়ে তিন লক্ষ টাকা পাঠানোর পর সৌদি আরব দূতাবাসের সহযোগিতায় ৫ মে মঙ্গলবার সৌদি আরব থেকে বাংলাদেশ সময় সকাল ৭টায় বিমানের মাধ্যমে মরদেহ দেশে ফিরবে। বিকেল ৩টায় মরদেহ ঢাকায় পৌঁছার পর পরবর্তী কার্যাবলি সম্পন্ন করে বুধবার সকালে তার জানাজা অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বালিথুবা সরদার বাড়ির (আড্ডা বাড়ি) মো. আলমাছ সরদার ফরিদ সাংবাদিক আবু তালেব সরদার ও হনুফা বেগম দম্পতির দু ছেলে দু মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি বিগত ২ বছর ৯ মাস পূর্বে সৌদি আরবের রিয়াদে চাকরির জন্যে যান। প্রবাসে অবস্থানকালে বিগত ২৪ মার্চ থেকে তার সাথে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেলে তার বাবা সাংবাদিক আবু তালেব সরদারের কাছে মুঠোফোনে সড়ক দুর্ঘটনায় ছোট ছেলের মৃত্যুর খবরটি আসে।








