প্রকাশ : ০২ মে ২০২৬, ১৫:০০
মতলব উত্তরে মে দিবসে র্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকালে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম প্রমুখ।
|আরো খবর
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নয়নের এ ধারাকে গতিশীল রাখতে উন্নত কর্ম পরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমজীবী মানুষের সুস্থতা ও নিরাপত্তা একান্ত অপরিহার্য। শ্রমজীবী মানুষের দক্ষতা বৃদ্ধিসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮’ প্রণয়ন করা হয়েছে।








