প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:০৫
ফলোআপ
যন্ত্র কেনার টাকা পেলেন সেই কাঠ মিস্ত্রী

সোমবার (২০ এপ্রিল ২০২৬) দৈনিক চাঁদপুর কণ্ঠের অনলাইন ভার্সন ও মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) প্রিন্ট ভার্সনে 'এমন গরিবের পেটে লাথি দিলো কে ?' সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হবার পরে রাজধানীর গাউছিয়া মার্কেটের 'তারিশ থ্রি পিস কোম্পানী'র মালিক মো. রুবেলের নজরে পড়ে। তিনি তাৎক্ষণিক শেয়ারকৃত সংবাদের কমেন্টে সহযোগিতার আশ্বাসে সাড়া দেন। তারই ধারাবাহিকতায় এ ব্যবসায়ী নিজে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) হাজীগঞ্জের বাকিলা বাজারে হাজির হয়ে ক্ষতিগ্রস্ত কাঠ মিস্ত্রী আবুল খায়েরের হাতে যন্ত্র কেনার জন্যে নগদ টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারী, মামুন মিজি, জসিম উদ্দিন, আব্দুল হান্নান সরকার প্রমুখ। এ সময় আবুল খায়েরকে সহায়তাকারী ব্যবসায়ী রুবেল ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিনিধির নাম নিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে দোয়া করেন।
উল্লেখ্য, গত রোববার (১৯ এপ্রিল ২০২৬) দিনগত রাতে হাজীগঞ্জের বাকিলা পশ্চিম বাজারে কাঠ মিস্ত্রী আবুল খায়েরের দোকানে চুরি হয়ে তার কাজের সকল যন্ত্রপাতি নিয়ে যায় চোরের দল। স্থানীয়রা বলছেন, এ কাজ মাদকসেবীদের কাজ। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েন এ মিস্ত্রী।








