প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২০:০৮
শাহতলী কামিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৬ এপ্রিল ২০২৬) সকালে মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ মাদরাসার সুনাম রয়েছে। দিন দিন ছাত্রের পাশাপাশি ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটি খুবই ভালো দিক। এখানে শিক্ষার্থীরা ক্লাস ওয়ানে ভর্তি হলে এমএ পর্যন্ত পড়াশোনা করতে পারে। তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্যে এ মাদরাসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯০১ সালে এ মাদরাসাটি শুরু করেন মরহুম হাজী ছমির উদ্দিন কারী সাহেব। ১৯৬৬ সালে এ মাদরাসায় কামিল শ্রেণি শুরু করেন আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব। এ অঞ্চলের মানুষদের সহযোগিতায় এ প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে। সকলের প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে। মাদরাসায় পড়ালেখার মান বৃদ্ধি করতে হবে। মাদরাসার ফলাফল ভালো করতে হবে, যাতে সুনাম ছড়িয়ে পড়ে। ছাত্রীদের মাদরাসায় আসার পথে কোনো সমস্যা অনুভব হলে তোমরা অধ্যক্ষ ও শিক্ষকদের জানাবে। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। শিক্ষার উন্নয়নে মাদরাসার কমিটি ও শিক্ষকবৃন্দ সবসময় কাজ করছে। ছাত্রীদের আমি আশ্বস্ত করতে চাই, তোমরা মাদরাসায় উৎসাহ উদ্দীপনার মধ্যে আসবা।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু করেছেন। এটা খুবই প্রশংসার দাবি রাখে। এতে বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের প্রতিদিন নাস্তা হিসেবে ডিম, রুটি, কলা, দুধ ইত্যাদি দেয়া হচ্ছে। সামনে তোমাদের দাখিল পরীক্ষা, তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে মাদরাসার সুনাম বৃদ্ধি করবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।
মাদরাসার সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্লাহ, প্রভাষক মোহাম্মদুল্লা, মো. বেলায়েত হোসেন মিজি, আরবি প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক হাফেজ জহিরুল হক, মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মো. হাবিবুর রহমান, মাওলানা বাহাউদ্দিন, মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো. মোস্তফা খান, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানশেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন ও সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
পরে সকাল ১১টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, এ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে এলাকায় ভূমিকা রাখছে। তোমরা লেখাপড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করতে হবে৷ এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়াতে এলাকার মেয়েরা এখানে পড়ার সুযোগ পেয়েছে। সাবেক এমপি রাশেদা বেগম হীরা এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তোমরা ভালো রেজাল্ট করে পাশের প্রতিষ্ঠান জিলানী চিশতী কলেজে ভর্তি হবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন৷ তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের নাস্তার ব্যবস্থা চালু করেছেন। ডিম, পাউরুটি, দুধ, কলা দিচ্ছে ৷ এতে ঝরেপড়া রোধ হচ্ছে৷ শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে। এ বিদ্যালয়ের ছাত্রীরা খুবই মেধাবী৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ৷
সবশেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন।
সূত্র : দৈনিক চাঁদপুর খবর।
ক্যাপসান: শাহতলী কামিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিংবডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।








