প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:১৭
অতীতের খারাপ সময়কে ভুলে নতুনকে নিজের করে নিতে হবে
......... আলহাজ এম এ হান্নান এমপি

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান এমপি বলেছেন, নববর্ষ মানে নতুন একটি বছরের সূচনা। বছরের শুরু থেকে আমরা আগামীর পথচলা যেন মসৃণ হয়, সুন্দর হয়, উজ্জ্বল হয় এবং সার্বজনীন হয় সেই লক্ষ্যে একযোগে কাজ করবো। পুরাতনকে ছুড়ে ফেলা মানে সবকিছুকে ছুড়ে ফেলা নয়। অতীতের খারাপ সময়, অতীতের খারাপ স্মৃতি, খারাপ কর্মগুলোকে ভুলে যেতে হবে। আমাদের নিজেদের জন্যে এবং আগামী প্রজন্মের জন্যে সুন্দর বাংলাদেশে গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। বৈশাখ আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। আমাদের কৃষ্টিকে ধরে রেখে ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে হবে। আজকে বাংলা নববর্ষ উপলক্ষে ছোট ছোট শিক্ষার্থীরা লাল পরী নীল পরী সাদা পরী সেজে এসেছে, তারাই এই উৎসবকে রঙিন করেছে। তাদের উদ্দেশ্যে বলবো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে। মাতা-পিতা, অভিভাবক, শিক্ষক ও গুরুজনদের কাছ থেকে প্রকৃত শিক্ষা ও আদব-কায়দা এবং ধর্মীয় জ্ঞান গ্রহণ করবে, তাদের কাছ থেকে তোমরা সঠিক নির্দেশনা পাবে। সংস্কৃতি চর্চা করবে, ক্রীড়া চর্চা করবে এবং নির্দিষ্ট সময়ে অবশ্যই লেখাপড়া করবে। সুস্থ সংস্কৃতি আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারক। এগুলোকে আমাদের ধারণ করতে হবে। অপসংস্কৃতিকে দূরে ঠেলে দিতে হবে। তবে আমাদের এ দেশ এগিয়ে যাবে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পান্তাভাত ও মাছ খাওয়া শেষে লোকজ মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন কালে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ বিভিন্ন কর্মকর্তা।








