শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২১:০৭

সবার আগে দেশ, তাই দেশের প্রতি দরদ থাকতে হবে

---------মো. শাহাবুদ্দিন অনু

অনলাইন ডেস্ক
সবার আগে দেশ, তাই দেশের প্রতি দরদ থাকতে হবে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক চাঁদপুরের কৃতী সন্তান মো. শাহাবুদ্দিন অনু বলেছেন, দেশের প্রতি দরদ থাকতে হবে। আমরা যে যাই করি না কেনো সবার আগে দেশ। আমার কিংবা আপনার যদি দেশের প্রতি দরদ না থাকে, তাহলে পরবর্তী প্রজন্ম সন্তানদেরও দেশের প্রতি দরদ থাকবে না। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর, বহরিয়া শাহাবুদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহাবুদ্দিন আরো বলেন, দেশে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। আমাদের সন্তানরা সেখানে পড়ালেখা করে এক সময় দেশের হাল ধরবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে খেয়াল রাখতে হবে সন্তানটি সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা!

তিনি বলেন, এ এলাকায় আমি এই বিদ্যালয়টি করেছি। এটি টিকিয়ে রেখে এগিয়ে নেয়ার দায়িত্ব সবার। হয়তো এখান থেকে বের হওয়া ছাত্ররা একসময় ভালো মানের ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এমপি, মন্ত্রী হয়ে দেশসেবায় অংশ নিবে। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে শিক্ষা পায় তার জন্য যা করার দরকার সেক্ষেত্রে আমি সর্বদা পাশে থাকবো।

মো. শাহাবুদ্দিন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর জোর দিতে হবে। ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড়ো অংশ। শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্র-ছাত্রী-অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। তাহলেই ভালো ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা লাকী আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শাহাবুদ্দিনের কনিষ্ঠ পুত্র মো. ফাইয়াজ শাহাবুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূর মিয়া। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাহাদাত হোসেন খান।এ সময় শাহেদ রেহান কালু, মো. জিহান উদ্দিন, মিজানুর রহমান খান, দুলাল মৃধা, জুলফু উকিল, জসিম খান, বাদশা খানসহ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী ১৮টি ইভেন্টে শিশু শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজ ইভেন্ট পরিবেশনা ছিলো অন্যতম আকর্ষণ। বেশ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবারের ক্রীড়ানুষ্ঠান বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়