প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২০:৩০
কচুয়ায় মাদ্রাসায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে উজানী মধ্যপাড়া উম্মে আফরা তাবিয়্যাতুল উম্মা মহিলা মাদ্রাসার চলাচলের রাস্তায় টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয় মাদ্রাসার পরিচালক আসমা সুলতানার চাচা শামছুল হক গং।
মাদ্রাসার পরিচালক আসমা সুলতানা বাধা দিতে গেলে তার চাচা শামছুল হক ও আল আমিন দলবল নিয়ে হামলা করে এবং মাদ্রাসার কার্যক্রম বন্ধ করে দেয়, আর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হুমকি-ধমকি প্রদান করে।
নিরূপায় হয়ে আসমা সুলতানা ৯৯৯-এ কল দিলে কচুয়া থানার সাব-ইন্সপেক্টর আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বাদী-বিবাদী উভয় পক্ষের কথা শুনে মাদ্রাসায় চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার কথা বলেন এবং উভয় পক্ষকে আইন মেনে চলার তাগিদ দেন। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় হাজির হওয়ার জন্যে আহ্বান জানান।
আসমা সুলতানা আরও জানান, মাদ্রাসাটি ২০২১ সালে চালুর পর থেকে আমার চাচা শামছুল হক, আল আমিন গং এর কার্যক্রম বন্ধ করার জন্যে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে।
প্রতিষ্ঠানের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়ে শিক্ষা কার্যক্রম চালুর জন্যে আসমা সুলতানা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে আসমা সুলতানা মঙ্গলবার বাদী হয়ে তার চাচা শামছুল হক, আল আমিন ও মজিবুল হকসহ ৪ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
বিবাদী শামছুল হক জানান, আমাদের সাথে আসমার সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে।








