প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ২১:২২
কলাপাতা কাটার কারণে ঘুষি দিয়ে হত্যার অভিযোগ

কলাপাতা কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘুষি দিয়ে প্রতিপক্ষকে হত্যা করার অভিযোগ উঠেছে আবুল বাশারের বিরুদ্ধে।
|আরো খবর
ঘটনার বিবরণে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মরহুম সোনা মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৫০) দুদিন আগে আবুল বাশারের কলাগাছ থেকে কলা পাতা কাটে ছাগলের জন্যে। এতে ক্ষুব্ধ হয়ে আবুল বাশার ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ থানায় বসার কথা ছিলো। থানায় যাওয়ার আগেই দুপুর ২টার দিকে বাড়ির রাস্তায় বিল্লালকে একা পেয়ে আবুল বাশার ও তার ছেলে শাহাদাত হোসেন (৩৮) পথরোধ করে। তর্কের এক পর্যায়ে আবুল বাশার বিল্লালের ঘাড়ের উপরে সজোরে আঘাত করে। এতে সাথে সাথে বিল্লাল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিল্লাল হোসেন সিএনজি অটোরিক্সা চালক। তার ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছে।
হত্যায় অভিযুক্ত আবুল বাশার (পিতা মরহুম রুস্তম আলী) নেভির অবসরপ্রাপ্ত কর্মচারী। এলাকাবাসী জানান, আবুল বাশার একজন অত্যাচারী মানুষ। সে বাড়ির কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না।
অভিযুক্তের ছেলে শাহাদাত হোসেন সাংবাদিকদের মুঠোফোনে বলেন, তার সাথে হাতাহাতি হয়েছে ঠিক, কিন্তু তাকে এমন কোনো আঘাত করা হয়নি যে মারা যাবে। কিন্তু কেনো মারা গেলো জানি না।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা ময়নাতদন্তের জন্যে লাশ থানায় নিয়ে এসেছি। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।








