প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:০৩
এবার জেলা ক্রীড়া সংস্থা গতিশীল হোক

চঁাদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ১০ মে ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে চঁাদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (৪) ও ৮-এ বর্ণিত ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যান কর্তৃক এ কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে (পদাধিকার বলে) সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ জয়নাল আবেদীন জনুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেনÑপুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন এবং স্থানীয় ক্রীড়াবিদ আনোয়ার হোসেন মানিক। উল্লেখ্য, অনুমোদিত এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থাগ্রহণ করবে।
আমরা আশা করি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি যুক্তিযুক্ত সময় নিয়ে নির্বাচন আয়োজনের পথেই হঁাটবে। অন্তর্বর্তী সরকারের সময় কমিটির বিপরীতে পাল্টা কমিটিতে ক্রীড়া সংস্থায় নেমে এসেছিলো স্থবিরতা। বর্তমানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আধিক্যে যে কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে একজন প্রকৃত ক্রীড়াবিদ ও সংগঠককে সদস্য সচিব করা হয়েছে, তঁার কর্মতৎপরতায় আশা করি জেলা ক্রীড়া সংস্থা গতিশীল হবে এবং মোটামুটি শৃঙ্খলায় ফিরে আসবে। তারপরও কথা, এই এডহক কমিটি যেনো নিয়মিত কমিটি গঠনে কোনো অজুহাতেই দীর্ঘসূত্রিতার আশ্রয় না নেয়। রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের আহ্বায়ক কমিটি, আর বিভিন্ন প্রতিষ্ঠানের এডহক কমিটি আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই মাসের পর মাসের পরিবর্তে বছরের পর বছর থাকে। চঁাদপুর জেলা ক্রীড়া সংস্থায় সেটি যেনো না হয়, যেহেতু এ কমিটির সভাপতি একজন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক। আইন, বিধি, নিয়ম যা-ই বলি না কেনো, এসব মানার ক্ষেত্রে তিনি কিন্তু মডেল।








