প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৪:০১
মধ্যরাতে মেরামত হলো বাবুরহাট মডেল টাউন সংলগ্ন রাস্তাটি

চাঁদপুর সদরের প্রসিদ্ধ দুশো বছরের পুরানো বাবুরহাট বাজারের মডেল টাউন সংলগ্ন সংযোগ রাস্তাটি দীর্ঘদিন পরে শনিবার (৪ এপ্রিল ২০২৬) দিবাগত মধ্যরাতে সংস্কার করা হলো। চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো. মোবারক পালোয়ানের নেতৃত্বে ও ব্যক্তিগত উদ্যোগে শনিবার রাত ১০ টা থেকে ১টা পর্যন্ত বাবুরহাট মডেল টাউন বাজার সংলগ্ন রাস্তাটির বড়ো বড়ো গর্তগুলো পাথরের ঢালাই দিয়ে মেরামত করা হয়। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। বিশেষ করে বিটি রোড, দাসাদি, ওয়াই বাবুর দিঘি, সেনের দিঘির পাড়, সফরমালি, মুন্সিরহাট, লালপুর, মতলব, চাঁদপুর সদর সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে। কিন্তু এই রাস্তাটি বড়ো বডো গর্ত ও ভাঙ্গাচুরার কারণে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনায় পতিত হচ্ছে এবং অনেক গাড়ি বাবুরহাট বাজারে প্রবেশ করতে বাধাগ্রস্ত সহ অনেক ক্ষেত্রে নষ্ট ও উল্টে যাচ্ছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে শনিবার রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত স্থানীয় যুবকরা মো. মোবারক পালোয়ানের নেতৃত্বে ও তার ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিনের দাবির এই রোডটি সংস্কার কাজে অংশ নেয়।
|আরো খবর
এ বিষয়ে কথা হলে ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোবারক পালোয়ান বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন এই রাস্তার দুরবস্থার কারণে দুর্ঘটনা কবলিত হতো ও যাতায়াতে কষ্ট পাচ্ছিলো। আমি ও স্থানীয় যুবকেরা শনিবার মধ্যরাত থেকে এই রাস্তাটিতে পাথরের ঢালাই দিয়ে বড়ো বড়ো গর্তগুলো সংস্কার করি। আমরা এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির যেখানে যেই সমস্যা আছে সেটি সংস্কার করার জন্যে আমাদের এই চলমান উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ ও যুব সমাজের সহযোগিতা ও তাদের সংশ্লিষ্টতার ব্যাপারে প্রশংসা করেন।
দীর্ঘদিন পর এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত হওয়াতে স্থানীয় জনগণ উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছে এবং তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।






