প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১:৪০
ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেয়ার অভিযোগে আটক ১

ফরিদগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের অভিযোগে শারাফাত হোসেন কাজী রিমেল (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে চাঁদপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে ছাত্রদলের কিছু নেতা-কর্মী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক রিমেল পৌর শ্রমিক দল সভাপতি পিংকু কাজীর ছেলে।
|আরো খবর
জানা গেছে, ফরিদগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে কয়েকদিন পূর্বে মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশ নেয়ার অভিযোগে শনিবার সকালে ছাত্রদলের কিছু কর্মী শারাফাত হোসেন কাজী রিমেল (২২)কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে থানা পুলিশ তাকে ১৩ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত (ফরিদগঞ্জ থানার এফআইআর নং-১৭, তারিখ- ১৩ আগস্ট, ২০২৬; জি আর নং-৩৬২, তারিখ- ১৩ আগস্ট, ২০২৬ ধারা- ৮/৯/১০/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯) মামলায় আটক দেখিয়ে চাঁদপুর আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য শারাফাত হোসেন কাজী রিমেল নামে একজনকে আটক করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।






