প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৩:৪২
মেয়াদহীন ও অনুমোদনহীন শিশু খাদ্যের বিরুদ্ধে কঠোর অভিযান
৪০ হাজার টাকা জরিমানা ও ধ্বংস করা হলো ক্ষতিকর পণ্য

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাঁদপুর শহরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন ক্ষতিকর শিশু খাদ্য মজুদ ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের স্বর্ণখোলা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী হাসান এন্টারপ্রাইজের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ করা হয়। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ও তারিখবিহীন শিশু খাদ্য মজুদ এবং বিক্রির প্রমাণ পাওয়ায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানের সময় জব্দকৃত ক্ষতিকর ও অননুমোদিত শিশু খাদ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
এছাড়াও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলার সদস্য মো. বিপ্লব সরকার সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







