বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৭:০১

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

নিম্নমানের শিশু খাদ্য ও মেয়াদহীন পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন।।
নিম্নমানের শিশু খাদ্য ও মেয়াদহীন পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নিম্নমানের শিশু খাদ্য ও মেয়াদহীন পণ্য সংরক্ষণ এবং বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) চাঁদপুর সদর উপজেলার দেবপুর বাজার ও জেলখানা সংলগ্ন আশিকাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ করা হয়।

অভিযানকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন নিম্নমানের বিভিন্ন ধরনের শিশু খাদ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে মিজি এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদবিহীন আইসক্রিম সংরক্ষণের দায়ে প্রধানিয়া ফুড প্রডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গ্যাসের লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স মিজি এন্টারপ্রাইজকে আরও ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আবু সাইদ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের সময় তারিখবিহীন ও নিম্নমানের বিভিন্ন শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়