প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২০:৫৩
আখনেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে জাটকা বিক্রি

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদরের আখনেরহাট মৎস্য আড়তে এবং মেঘনা নদীর খালপাড়ে প্রকাশ্যে জাটকা বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন ভোর থেকে শুরু করে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন ট্রলার ও নৌকা থেকে ধরা ছোট আকারের ইলিশ আড়তে নিয়ে এসে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।
|আরো খবর
জাটকা সংরক্ষণে সরকার প্রতিবছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট সময় মাছ ধরা, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী তা উপেক্ষা করে অবাধে জাটকা বাজারজাত করছেন। এতে একদিকে যেমন আইন লঙ্ঘিত হচ্ছে, অন্যদিকে ইলিশের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার (৯ মার্চ ২০২৬) ভোরে আখনেরহাট মৎস্য আড়তে গিয়ে দেখা যায়, আলমগীর, শাহআলম, কালু বেপারী ও শহীদ শেখ নামে আড়তদার প্রকাশ্যে জাটকা বিক্রি করছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন ভোরে আলমগীর, শহীদ, শাহ আলমসহ প্রতিটি আড়তেই জাটকা ইলিশ বিক্রি হয়ে থাকে। স্থানীয় পাইকাররা সেগুলো কিনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে থাকে। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন তারা এমন কার্যক্রম চালিয়ে আসছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।








