মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৫

অঞ্জুমানে খাদেমুল ইনসান’: ৭৪ বছরের ঐতিহ্যবাহী সংস্থায় বেওয়ারিশ লাশের অ্যাম্বুলেন্স বিকল

স্বজনহীনদের শেষযাত্রায় ভরসা অটোরিকশা-ভ্যান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
স্বজনহীনদের শেষযাত্রায় ভরসা অটোরিকশা-ভ্যান

চাঁদপুরে পরিচয়হীন ও বেওয়ারিশ মানুষের শেষযাত্রাকে সহজ করতে থাকা দুটি অ্যাম্বুলেন্সই এখন সম্পূর্ণ অচল। বছরের পর বছর ধরে অনিয়ম, ব্যক্তিগত কাজে ব্যবহার, মাদক বহন এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার পর বর্তমানে অ্যাম্বুলেন্স দুটি গ্যারেজ ও সড়কের পাশে পড়ে আছে। ফলে নদী, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া বেওয়ারিশ মরদেহের দাফনে চরম বিপাকে পড়েছে সেবা সংস্থা 'অঞ্জুমানে খাদেমুল ইনসান' ও স্থানীয় প্রশাসন। এমতাবস্থায় অটোরিকশা, ভ্যান বা বিকল্প যানবাহনে করে পরিচয়হীন মরদেহ পরিবহনে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট থানা ও সংস্থাগুলো।

সংস্থাটি সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌর গোরস্থানে প্রতি মাসে গড়ে ৫ থেকে ৬টি বেওয়ারিশ মরদেহের গোসল, কাফন ও দাফন সম্পন্ন করা হয়। জেলাজুড়েই উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তি, নদী বা নৌযান দুর্ঘটনায় নিহতদের মরদেহ দাফনের দায়িত্ব পালন করে আসছে তারা।

রাজনৈতিক নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক ব্যবহার :

লাশ বহনের সুবিধার্থে ২০১৪ সালে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স কেনে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অঞ্জুমানে খাদেমুল ইনসানকে আরও একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, সংস্থার তৎকালীন সাধারণ সম্পাদক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের নিয়ন্ত্রণে ছিলো অ্যাম্বুলেন্স দুটি। বিনামূল্যে বেওয়ারিশ লাশ পরিবহনের উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হলেও গাড়ি দুটি দিয়ে বাণিজ্যিকভাবে রোগী বহন করা হতো। মাসে দেড় লাখ টাকা পর্যন্ত আয় হলেও তা প্রতিষ্ঠানের তহবিলে সঠিক নিয়মে জমা হতো না বলে দাবি সংশ্লিষ্টদের।

মাদক পাচার থেকে ধর্ষণের ভয়াবহ অভিযোগ :

উপহার হিসেবে পাওয়া অ্যাম্বুলেন্সটিকে কেন্দ্র করে একের পর এক গুরুতর অপরাধের ঘটনা ঘটে। ২০২২ সালের ১১ মে কুমিল্লার চান্দিনায় দুর্ঘটনার কবলে পড়ে প্রধানমন্ত্রীর দেয়া অ্যাম্বুলেন্সটি। অনুসন্ধানে পুলিশ গাড়িটি থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তৎকালীন ড্রাইভার হারুন ছিলেন আবু নঈম পাটোয়ারী দুলালের ব্যক্তিগত চালক।

কুমিল্লায় দীর্ঘদিন আটকে থাকার পর মেরামতের মাধ্যমে সেটি মুক্ত করে পুনরায় চালানো শুরু হয়। কিন্তু ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর রাতে চাঁদপুর সদরের নিজগাছতলা এলাকায় একই অ্যাম্বুলেন্সের ভেতর এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। হাতেনাতে চালক মো. মুরাদ হোসেনকে আটক করে পুলিশ। ওই মামলার পর কিছুদিন সচল থাকলেও ২০২৫ সালের ২৪ নভেম্বর মতলব উত্তরের দুর্গাপুরে দুর্ঘটনার পর গাড়িটি স্থায়ীভাবে বিকল হয়ে যায়। বর্তমানে সেটি হাজীগঞ্জের একটি গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

অন্যদিকে, সংস্থাটির নিজস্ব অর্থায়নে কেনা অপর অ্যাম্বুলেন্সটি ২০২৪ সাল থেকে অচল। দীর্ঘদিন চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদের পাশে ত্রিপল পেঁচিয়ে ফেলে রাখা হয়েছে সেটি।

তহবিল সংকট ও প্রশাসনিক নীরবতা :

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবু নঈম পাটোয়ারী দুলাল আত্মগোপনে চলে যান। পরবর্তীতে জুলাই ২০২৪ থেকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে অ্যাডভোকেট রুহুল আমিন সরকারের নেতৃত্বে ১৭ সদস্যের নতুন কমিটি দায়িত্ব নেয়।

বর্তমান সভাপতি রুহুল আমিন সরকার বলেন, "দায়িত্ব নেওয়ার পর কুমিল্লা থেকে একটি অ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়েছে। অপরটি অনেক পুরোনো হওয়ায় বিকল। বর্তমানে দুটি গাড়িই হাজীগঞ্জের গ্যারেজে রয়েছে।" তবে অতীতের আয়-ব্যয় বা অনিয়মের বিষয়ে নতুন কমিটির কাছে কোনো স্পষ্ট নথিপত্র নেই।

প্রতিষ্ঠানের বর্তমান আয়-ব্যয়ের চিত্রে দেখা যায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন খাত মিলিয়ে আয় হয়েছে মাত্র ২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। স্টাফদের বেতন ও পরিচালনা খরচ মিটিয়ে বর্তমানে ধারের ওপর ভিত্তি করে কার্যক্রম চলছে বলে জানান ম্যানেজার মো. আবুল বাশার।

স্বচ্ছতার দাবি :

১৯৫২ সালে সাবেক এমপিএ মরহুম আব্দুল করিম পাটোয়ারী যে মানবিক উদ্দেশ্যে 'অঞ্জুমানে খাদেমুল ইনসান' প্রতিষ্ঠা করেছিলেন, তা আজ ব্যবস্থাপনাগত অনিয়ম ও তদারকির অভাবে থমকে গেছে। স্থানীয় সচেতন মহলের মতে, মানবিক এই সেবাকে পুনরুজ্জীবিত করতে শুধু অ্যাম্বুলেন্স মেরামত করলেই হবে না; বরং অতীতের অনিয়ম ও চালকদের অপকর্মের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়