প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫
গল্লাক আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ডা. আবুল কালাম আজাদ

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী গল্লাক আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. আবুল কালাম আজাদ। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে (স্মারক নং- INS02-3/00376/2026/3930/5073, তারিখ : ০৭/০৯/২০২৬) জানানো হয়, অধিভুক্ত কলেজগুলোর গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আগামী ২ বছরের জন্য ডা. আবুল কালাম আজাদকে সভাপতি পদে মনোনয়ন দিয়েছেন। একই চিঠিতে আল আমিনকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করার কথা জানানো হয়।
এর আগে গত ২০ আগস্ট গল্লাক আদর্শ কলেজের গভর্নিং বডির অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি পদে এবং ২২ আগস্ট দাতা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দাতা সদস্য হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান, হিতৈষী সদস্য হিসেবে লায়ন ফখরুল আলম ফয়সাল, শিক্ষক প্রতিনিধি পদে শাহ মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী ও মো. খোরশেদ আলম চৌধুরী, সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি পদে তাজমিরা আক্তার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. নেছার আহম্মেদ, হাজী মফিজুল ইসলাম চৌধুরী ও মিলন চক্রবর্তী নির্বাচিত হন।








