প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩
প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে রাজকীয় বিদায় পেলেন ছয় অবসরপ্রাপ্ত শিক্ষক
'এমন আয়োজন নতুন প্রজন্মকে শিক্ষকতা পেশা বেছে নিতে উৎসাহিত করবে'

ফুল দিয়ে সাজানো লালগালিচা দিয়ে হেঁটে ঘোড়ার গাড়িতে উঠলেন। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা তাঁদের হাত উঁচিয়ে বিদায় সম্ভাষণ জানালেন।
এভাবেই ফরিদগঞ্জে রাজকীয় বিদায় পেলেন মরণোত্তর একজনসহ অবসরে যাওয়া ছয় শিক্ষক।
উপজেলার প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ৩১ আগস্ট ২০২৬ অবসরে যাওয়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদারের বিদায় উপলক্ষে আয়োজিত এই বিদায় সংবর্ধনায় অন্যদেরকেও আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়। বিদায় সংবর্ধনাপ্রাপ্ত ৬জন শিক্ষক হলেন সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদার, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন খান, সিনিয়র শিক্ষক উত্তম কুমার তালুকদার, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির গাজী, সিনিয়র শিক্ষক আবুল খায়ের মিয়া ও প্রয়াত সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন গাজী।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহআলম শেখ।
এর আগে সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান, মো. আলাউদ্দিন ও মিলন খানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিদায় বাণী পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া ইসলাম। অবসরজনিত বিদায় নেয়া সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সর্বশেষ গত ৩১ আগস্ট অবসর নেয়া সিনিয়র শিক্ষক তপন মজুমদার, ইতঃপূর্বে অবসর নেয়া সিনিয়র শিক্ষক আবুল খায়ের মিয়া, হুমায়ুন কবির গাজী, বিল্লাল হোসেন খান, উত্তম কুমার তালুকদার ও মরহুম আনোয়ার হোসেন গাজীর পক্ষে তাঁর ছেলে রবিউল আলম।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফারাক্কবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম মিঠু, চির্কাচাঁদপুর বহুমুখি উবি ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. শামসুদ্দিন খান, ফরিদগঞ্জ কেআর আইডিয়েল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাছুম আলম তালুকদার, বালিথুবা আব্দুল হামিদ উবির প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক হুমায়ুন কবির, বালিয়া আদর্শ উবির প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী, রামপুর বাজার মজিদিয়া উবির প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম পাটওয়ারী, ধানুয়া জনতা উবির প্রধান শিক্ষক মোবারক হোসেন, হাঁসা বালিকা উবির সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা উবির প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উবির সাবেক সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক হিতেশ শর্মা এবং ধানুয়া জনতা উবি ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদি হাসান মঞ্জু। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, রুহুল আমিন, ঝন্টু দাস এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজকের এই বিদায় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিক্ষক সমাজকে তাঁদের কর্মজীবনের স্বীকৃতি দিলো। মানুষ গড়ার কারিগর শিক্ষকরা সাধারণত বিদায় বেলায় নিভৃতেই চলে যান। কিন্তু প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের এই আয়োজন আমাদের দীর্ঘদিন মনে থাকবে। এই সংবর্ধনা নতুন প্রজন্মকে শিক্ষক হিসেবে পেশাকে বেছে নিতে উৎসাহিত করবে। অবসরে যাওয়া শিক্ষকরা এই বিদ্যালয়ের প্রাণভোমরা ছিলেন। তাঁরা শুধু নিয়মিত পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধনে কাজ করেছেন। আমরা চাই আগামীতেও যারা অবসরে যাবেন, তারাও যেনো এ ধরনের সংবর্ধনা নিয়ে বিদায় নেন।
আলোচনা সভাশেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট, ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায়ী অতিথিদের হাত দিয়ে সংবর্ধনা দেয়া হয়। আলোচনা শেষে সংবর্ধিত শিক্ষকদের বিদ্যালয় ভবন থেকে লালগালিচায় পায়ে হেঁটে ফুল দিয়ে সজ্জিত ঘোড়ার গাড়িতে উঠে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।








