শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২২:০২

মধুসূদন উবির সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথের স্মরণসভা

স্টাফ রিপোর্টার।।
মধুসূদন উবির সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথের স্মরণসভা

চাঁদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, রোটারিয়ান, সংস্কৃতিমনা, ধর্মানুরাগী ও স্বনামধন্য প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত সূর্য কুমার নাথের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) সকালে পুরাণবাজার এমএইচ উচ্চ বিদ্যালয়ের (মধুসূদন হাই স্কুল) আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শিক্ষাগুরুর কর্মজীবন, সততা ও আদর্শ নিয়ে সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্মৃতিচারণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন সুলতানার সভাপতিত্বে

স্মরণসভায় বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন শিক্ষিকা কল্পনা সরকার, প্রয়াত সূর্য কুমার নাথের জ্যেষ্ঠ সন্তান প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ, ভাগ্নি জামাতা বাবুল চন্দ্র দেবনাথ ও নাতি অ্যাড. পলাশ মজুমদার।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও

ব্যবসায়ী রোটারিয়ান মো. নাসির উদ্দিন খান, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক আসলাম তালুকদার, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, অভিভাবক সদস্য বিপ্লব কুমার গোপ, সাবেক সদস্য মো. জাকির হোসেন খান শিপন, পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ধ্রুবরাজ বণিক, সিনিয়র শিক্ষক মাকসুদুল মাওলা, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষ্মণ চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে প্রয়াত প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ ও পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সিনিয়র সহকারী শিক্ষিকা নীলিমা নাথের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া স্মরণসভায় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত সূর্য কুমার নাথ স্যার ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও শিক্ষানুরাগী সংগঠক। শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ছাত্রদের নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলি গঠনে কাজ করে গেছেন। তাঁর অবদান ভোলার নয়। তাঁর সততা, নিষ্ঠা, কর্মপ্রেরণা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মের জন্যে অনুকরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, প্রয়াত সূর্য কুমার স্যার একজন সফল বাবা। তিনি তাঁর দু সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বিদ্যালয়ে 'প্রয়াত সূর্য কুমার নাথ বৃত্তি প্রকল্প' চালু রয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিবছর দরিদ্র ও মেধাবী ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। যা তাঁর শিক্ষা ও মানবসেবার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্যে সবাইকে আহ্বান জানান।

স্মরণ সভায় প্রয়াত শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভাটি শুরু করা হয়।

উল্লেখ্য, প্রয়াত সূর্য কুমার নাথের ছোট ছেলে আমেরিকা প্রবাসী এবং সেখানে উচ্চপদস্থ চাকরিজীবী রাজিব কুমার নাথ তাঁর বাবার এই স্মরণ সভায় অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন।

ছবি ক্যাপশন- চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথের স্মরণ সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়। পাশে অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি তুলে দিচ্ছেন প্রায়াত স্যারের জ্যেষ্ঠ সন্তান প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়