প্রকাশ : ০৮ মে ২০২৬, ২০:৩০
ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

শুক্রবার (৮ মে ২০২৬) ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া মাতৃপীঠ মডেল মাদ্রাসা এন্ড একাডেমিতে দিনব্যাপী সম্পূর্ণ ফ্রি ‘এআই স্কিলস : শিখুন, কাজ করুন এবং আয় করুন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে আগ্রহী ফরিদগঞ্জ ও হাইমচরের নানা বয়সী শিক্ষার্থী, তরুণ ও পেশাজীবীরা এতে অংশ নেন। এ আয়োজনে ভেন্যু দিয়ে সহযোগিতা করেন মাতৃপীঠ একাডেমি কর্তৃপক্ষ।
|আরো খবর
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্নার উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি পরিচালনা করেন সাংবাদিক, লেখক ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুন্নবী চৌধুরী (হাছিব)।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিলো : জেনারেটিভ এআই টুলস ব্যবহার করে কনটেন্ট তৈরি, এআই দিয়ে ডিজাইন ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি, প্রোডাক্টিভিটি ও অটোমেশন, এআই-নির্ভর ফ্রিল্যান্সিং দক্ষতা এবং বাংলা-ইংরেজি অনুবাদ ও লোকালাইজেশন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ChatGPT, Claude, Gemini ও Copilot ব্যবহার করে ব্লগ, সোশ্যাল মিডিয়া পোস্ট ও ভিডিও স্ক্রিপ্ট তৈরির কৌশল শেখানো হয়। পাশাপাশি Canva AI, MidJourney, Stable Diffusion ও DALL·E ব্যবহার করে পোস্টার, লোগো ও থাম্বনেইল তৈরির বাস্তবধর্মী অনুশীলন করানো হয়। এছাড়া Zapier, Notion AI ও Microsoft Copilot ব্যবহার করে কাজের অটোমেশন, ই-মেইল ব্যবস্থাপনা ও রিপোর্ট তৈরির বিষয়েও ধারণা দেয়া হয়।
ফ্রিল্যান্সিং ও গিগ ইকোনমিতে এআই ব্যবহারের কৌশল নিয়ে আলাদা সেশন অনুষ্ঠিত হয়। সেখানে Upwork ও Fiverr-এ কীভাবে এআই ব্যবহার করে কাজের মান ও দক্ষতা বাড়ানো যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। একই সঙ্গে বাংলা ভাষাভিত্তিক কনটেন্ট তৈরি, অনুবাদ ও সাবটাইটেলিংয়ের সম্ভাবনাও তুলে ধরা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী মাহবুবে রাব্বানী বলেন, এআই সম্পর্কে যতোটুকু জানি তার চেয়ে গভীরে যাওয়ার পথ হচ্ছে আজকের ক্লাস। আর এআই নিয়ে যে কারোর প্রফেশন গড়ার অনুপ্রেরণা আজকের এই ক্লাস।
আরেক অংশগ্রহণকারী মো. শাহাদাত খান বলেন, ধন্যবাদ প্রযুক্তি বিষয়ক এতো সুন্দর আয়োজন করার জন্যে। আমাদের জীবনে এআই কতোটা গুরুত্বপূর্ণ, তা আজকের ক্লাস থেকে জানলাম।
প্রশিক্ষক নুরুন্নবী চৌধুরী (হাছিব) চাঁদপুর কণ্ঠকে বলেন, ভবিষ্যৎ দুনিয়ার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে চাইলে এআইকে ভয় না পেয়ে নিজের কাজে লাগানো শিখতে হবে। তবেই সময়ের সঙ্গে এগিয়ে থাকা সম্ভব। তিনি জানান, ফরিদগঞ্জে এমন আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন মাজহারুল হক মান্না।
আয়োজন সম্পর্কে মাজহারুল হক মান্না চাঁদপুর কণ্ঠকে বলেন, প্রযুক্তির এই সময়ে এআই শিখেই এগিয়ে যেতে হবে। তাই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করেছি, যাতে অন্তত কিছু মানুষ এআই বিষয়ে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
উল্লেখ্য, সাংবাদিক মাজহারুল হক মান্না দীর্ঘ ২২ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং বর্তমানে চ্যানেল আইতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে নুরুন্নবী চৌধুরী (হাছিব) দু দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত। কাজ করেছেন প্রথম আলো, সকালের খবর ও বাংলা ট্রিবিউনে। তিনি বর্তমানে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ক দেশের প্রথম সরকারি অনুমোদিত নিউজপোর্টাল টেকশহরে স্পেশাল করেসপনডেন্ট এবং আন্তর্জাতিক মাল্টিল্যাঙ্গুয়াল গণমাধ্যম গ্লোবাল ভয়েস'র রিপোর্টার হিসেবে কাজ করছেন। দুজনই ফরিদগঞ্জের সন্তান।








