বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৪:৩০

পচা খাবার ও পুরোনো চাল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
পচা খাবার ও পুরোনো চাল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের পুরাণবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পুরাণবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত এই অভিযানে মাস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা, মেসার্স সেলিম খান অ্যান্ড সন্সকে পুরোনো চালে তেল মিশিয়ে চকচকে করে বিক্রির দায়ে ৩ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স মৌলভী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে। এ সময় জব্দকৃত পচা-বাসি খাবার তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে মুচলেকা দেন প্রতিষ্ঠানগুলোর মালিকরা।

অভিযানকালে আশেপাশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়