প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৬
শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সভায় গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। মাদরাসার পরিবেশ ও শৃঙ্খলা অত্যন্ত চমৎকার। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি পবিত্র আমানত। পাঠদানে শিক্ষকদের সবসময় আন্তরিক থাকতে হবে। শিক্ষার উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, “১৯০১ সালে শাহতলী কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। মক্তব দিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। আমার দাদা মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদী সাহেব ১৯৬২ সালে একে কামিল স্তরে উন্নীত করেন। এই মাদরাসার অসংখ্য শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতীয় উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলসহ দেশের শিক্ষাবিকাশে অনন্য অবদান রেখে চলেছে।”
তিনি আরও বলেন, “অধ্যক্ষের নেতৃত্বে মেধাবী শিক্ষকমণ্ডলী এখানে পাঠদান করছেন। এটি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, মাওলানা কামাল হোসাইন, মাওলানা এমদাদ উল্লাহসহ অন্য শিক্ষকবৃন্দ।
সভার শুরুতে মাদরাসা পরিবারের পক্ষ থেকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।








