প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২২:১৬
শাহরাস্তির দোয়াভাঙায় সুন্দরবন স্টিল করপোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন

‘নতুন রূপে নতুন সাজে, মাপে দামে ও ব্র্যান্ডের বিশ্বস্ত প্রতিষ্ঠান’—এ স্লোগানকে সামনে রেখে শাহরাস্তিতে মেসার্স সুন্দরবন স্টিল করপোরেশনের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় উপজেলার দোয়াভাঙায় প্রতিষ্ঠানের নিজস্ব শোরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন প্রকৌশলী মো. মমিনুল হক।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ বি এম পলাশ।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সেভেন রিং সিমেন্ট কোম্পানির ম্যানেজার মোতালিব হোসেন, এরিয়া ম্যানেজার ফায়েজুর রহমান, হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু ও লিয়াকত আলী।
এছাড়াও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষে প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান। পরবর্তীতে আগত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মেসার্স সুন্দরবন স্টিল করপোরেশন দীর্ঘদিন ধরে শাহরাস্তির কালিয়াপাড়ায় অবস্থিত প্রথম শাখার মাধ্যমে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রাহকসেবার মান বৃদ্ধি ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শাহরাস্তি গেইট সংলগ্ন দোয়াভাঙা পূর্ব বাজারে প্রতিষ্ঠানটির এই দ্বিতীয় শাখার যাত্রা শুরু হলো।




