প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭-এর সম্ভাব্য প্রার্থী-২
মেধাবীদের ইউনিয়নে মেধাবী প্রার্থী থাকবে তো?

ফরিদগঞ্জ উপজেলার ১ নং ইউনিয়নের নাম ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন। ডাকাতিয়া নদীর তীরে এই ইউনিয়নটি গড়ে উঠেছে। এর আয়তন ১৬.০৯ বর্গকিলোমিটার। পাকা রাস্তা ২২ কিলোমিটার, কাঁচা রাস্তা ৩০ কিলোমিটার। বড় বাজার দুটি—চান্দ্রা ও বাঘড়া বাজার। ঐতিহাসিক স্থান ও স্থাপনা : লোহাগড় মঠ ও বাড়ি। নির্বাচন অফিসের তথ্যমতে, বালিথুবা পশ্চিম ইউনিয়নের মোট ভোটার ২৪ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪ জন, নারী ভোটার ১১ হাজার ৯০৮ জন। ভোটকেন্দ্র ১০টি, ভোটকক্ষ ৪৬টি এবং অস্থায়ী কক্ষ ২টি। এই ইউনিয়নের দক্ষিণে গোবিন্দপুর উত্তর, পূর্বে বালিথুবা পূর্ব ইউনিয়ন এবং উত্তর ও পশ্চিমে চাঁদপুর সদর উপজেলা।
|আরো খবর
এই ইউনিয়নে অনেক মেধাবী মুখ রয়েছেন। বিশ্বের আলোচিত একটি নাম—চিত্রশিল্পী হাশেম খান। তাঁর বাড়ি এই ইউনিয়নে। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক সচিব, যুগ্ম সচিবসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। এই ইউনিয়নেই জন্ম নিয়েছেন মহান স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু ওসমান চৌধুরী। এককথায় বলা যায়, ইউনিয়নটি মেধাবীদের ইউনিয়ন। সেই ইউনিয়নের জনপ্রতিনিধিও হবেন মেধাবী—এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর।
ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা, তাদের জনপ্রতিনিধি হবেন জনবান্ধব; যিনি এলাকার উন্নয়নে অবদান রাখবেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন, যার কাছ থেকে সেবা পেতে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে না এবং যিনি হবেন শিক্ষিত, মার্জিত, ভদ্র ও বিনয়ী।
নির্বাচন কমিশন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও প্রার্থীরা বসে নেই। বিভিন্ন উপায়ে তারা জানান দিচ্ছেন যে, তারা আছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। তারা যুক্ত আছেন বিভিন্ন সামাজিক কাজ ও অনুষ্ঠানে, আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে ও বিভিন্ন মজলিশে। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই বিএনপি ও জামায়াত ছাড়াও আওয়ামী লীগ পরিবারেরও কারও কারও প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। ইতোমধ্যে কয়েকজন তাদের প্রস্তুতির কথাও জানিয়েছেন সাংবাদিকদের।
১ নং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জসিম উদ্দিন স্বপন মিয়াজী। তিনি চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক এবং ১ নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। ২০০৩ সালে প্রথমবার তিনি চেয়ারম্যান নির্বাচিত হন; সে সময় তিনি টানা সাড়ে নয় বছর চেয়ারম্যান ছিলেন। এবারও তিনি হেভিওয়েট প্রার্থী। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সফিকুর রহমান। শোনা যাচ্ছে, তিনিও নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপি পরিবার থেকে আর যাঁরা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাঁদের অন্যতম হলেন আতিকুর রহমান বাবুল পাটওয়ারী। তিনিও সাবেক চেয়ারম্যান এবং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। আরেকজন চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান পাটওয়ারী, যাঁর রাজনীতিতে সূচনা ছাত্রদলের মাধ্যমে; সর্বশেষ তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনিও নির্বাচনী মাঠে সক্রিয়। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমেদ শামীম পাটওয়ারীও প্রার্থী। আর জামায়াত সমর্থিত প্রার্থী হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মিজানুর রহমান শেখ।








