প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২০:১৭
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন
শিক্ষার প্রসার ও মাদকমুক্ত আধুনিক সমাজ গঠনের অঙ্গীকার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন চান কাজী জাকির হোসেন। দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা ও সমৃদ্ধ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি জনবান্ধব, শিক্ষাবান্ধব ও অপরাধমুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গঠন করতে চান তিনি।
|আরো খবর
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী উজানী কাজী বাড়ির সন্তান কাজী জাকির হোসেন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আইনগিরি মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা করেন। বর্তমানে তিনি কচুয়া উত্তর ইউনিয়নের শিক্ষা সমন্বয়ক এবং ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট তুলে ধরে কাজী জাকির হোসেন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯১ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে তাঁর পথচলা শুরু। ১৯৯৬ সাল থেকে সাবেক মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দিকনির্দেশনায় তিনি মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দলের জন্য আন্দোলন করতে গিয়ে একাধিক মামলা ও হামলার শিকার হওয়া ছাড়াও ২০১৬ সালে তাঁকে এক মাস কারাবরণ করতে হয়। তিনি দীর্ঘদিন কচুয়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন শেষে বর্তমানে উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন।
নিজের নির্বাচনী পরিকল্পনা নিয়ে কাজী জাকির হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখ ও বিপদে-আপদে পাশে থেকেছি। ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রত্যাশা ও ভালোবাসার কারণেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের শতভাগ সেবা সহজ ও স্বচ্ছ উপায়ে পৌঁছে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”
শিক্ষকতার সুদীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কচুয়া উত্তর ইউনিয়নে ঝরে পড়া রোধ করা এবং শতভাগ শিশুর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি বিশেষ উদ্যোগ নেবেন। প্রতিটি ওয়ার্ডে অবসরপ্রাপ্ত শিক্ষক, মসজিদের খতিব ও সুধীজনদের নিয়ে শিক্ষা কমিটির কার্যক্রম জোরদার করা হবে।
একই সঙ্গে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ইউনিয়নের প্রতিটি অঞ্চলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা জোরদার করার কথা জানান তিনি। কাজী জাকির হোসেনের মতে, সততা ও ন্যায়পরায়ণতাকে প্রাধান্য দিয়ে গ্রাম আদালতকে কার্যকর করার মাধ্যমে স্থানীয় পর্যায় থেকেই সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
দলের দুর্দিনের ত্যাগ ও এলাকার সামাজিক গ্রহণযোগ্যতার বিচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে বলে তিনি শতভাগ আশাবাদী। একটি সমৃদ্ধ ও সুশাসিত কচুয়া উত্তর ইউনিয়ন গড়ে তুলতে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।








