প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০২
মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, অনুষ্ঠানটি উপভোগ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তোমাদের ‘যেমন খুশি তেমন সাজো’ পর্বের উপস্থাপনাও ছিলো চমৎকার। এ অনুষ্ঠান দেখে আমার নিজের স্কুলজীবনের কথা মনে পড়ে গেছে।
তিনি বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ করা প্রয়োজন। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও আদর্শের শিক্ষা অর্জনের মাধ্যমেই একজন শিক্ষার্থীকে সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষকরা যে নীতি-নৈতিকতার শিক্ষা দেন, তা শিক্ষার্থীদের জীবনে ধারণ করতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, প্রধান অতিথি, শিক্ষকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকসহ উপস্থিত সবাইকে বিদ্যালয় ও চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এ প্রতিষ্ঠানটি ১৯৪৮ সালে আমার দাদা, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এ অঞ্চলের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের ভিত্তি গড়ে দেয়। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও নৈতিক চরিত্র গঠনে শিক্ষক-অভিভাবক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিদ্যালয়টিকে এ অঞ্চলের একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান এবং ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোসাম্মৎ রুবিনা আক্তার, সমাজসেবক মো. নুরুজ্জামান মুন্সি, অভিভাবক সদস্য মো. হাসান মুন্সি, সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, মোহসিনা আক্তার, রুকাইয়া খাতুন, তানজিনা খানম ও তানিয়া আক্তার,
সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম মিজি ও মো. ইয়াসিন খানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন ‘যেমন খুশি তেমন সাজো’ পর্ব। এতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ওসি মো. ফয়েজ আহমেদ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীসহ অতিথিরা।
অনুষ্ঠানশেষে ওসি মো. ফয়েজ আহমেদ শাহতলীর ঐতিহ্যবাহী রুশদী বাড়ি পরিদর্শন করেন। সেখানে তিনি রুশদী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী তাঁকে রুশদী বাড়িতে স্বাগত জানান।








