প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭
মতলব বাজার বণিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন-২০২৬-এর বহুল প্রতীক্ষিত তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ১০ অক্টোবর।
|আরো খবর
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর (রোববার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২১ ও ২২ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করবেন। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বৈধ প্রার্থীদের তালিকা এবং ৩০ সেপ্টেম্বর (বুধবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১ অক্টোবর (বৃহস্পতিবার)। সবশেষে আগামী ১০ অক্টোবর (শনিবার) মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ এবং বণিক সমিতির সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান সরকার, মনির হোসেন বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান নির্বাচন কমিশনার টিটু চন্দ্র ধর জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার ক্ষেত্রে নির্দিষ্ট আচরণ-বিধিমালা কঠোরভাবে অনুসরণ করার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।








