প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১
ডেঙ্গুমুক্ত হাইমচর গড়তে উপজেলাজুড়ে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গুর বিস্তার রোধে সারাদেশের ন্যায় হাইমচরে তিন মাসব্যাপী সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনশেষে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
এ সময় হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে স্কাউটস, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর বিশেষ জোর দেন এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নিজ নিজ বাসা-বাড়ি ও চারপাশের আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।







