বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

ফরিদগঞ্জে ভূমিহীন ও ছিন্নমূলদের দাফনে 'মাফাতুল জান্নাত লিল্লাহ কবরস্থান' উদ্বোধন

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জে ভূমিহীন ও ছিন্নমূলদের দাফনে 'মাফাতুল জান্নাত লিল্লাহ কবরস্থান' উদ্বোধন
ফরিদগঞ্জের বালিথুবায় 'মাফাতুল জান্নাত লিল্লাহ কবরস্থান' উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জমিদাতা ও সমাজসেবক মো. আনিসুজ্জামান বকাউল। ছবি : এমরান হোসেন লিটন

ফরিদগঞ্জে ভূমিহীন, ছিন্নমূল, বেওয়ারিশ ও নিজস্ব জায়গায় দাফনের সুযোগবঞ্চিত মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে (লিল্লাহ) ব্যবহারের উদ্দেশ্যে একটি কবরস্থান উদ্বোধন করা হয়েছে। ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আবিদ মিয়া বকাউলের (আবিদ স্যার) সন্তান, সমাজসেবক মো. আনিসুজ্জামান বকাউল নিজ উদ্যোগে এ জমি দান করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর পয়লা বাড়ির জামে মসজিদের দক্ষিণে প্রধান সড়কের পাশে আনিসুজ্জামান বকাউলের দানকৃত ৭ শতাংশ সম্পত্তিতে 'মাফাতুল জান্নাত লিল্লাহ কবরস্থান'-এর উদ্বোধন করা হয়। স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের উপস্থিতিতে মিলাদ ও দোয়ার মাধ্যমে কবরস্থানটির আনুষ্ঠানিক শুভসূচনা ঘটে।

অনুষ্ঠানে জমিদাতা মো. আনিসুজ্জামান বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে জানতে পারি— জায়গায় সংকটে কিংবা অসচ্ছলতার কারণে নিজ বাড়িতে অনেক সময় মৃতদেহ দাফন করতে গিয়ে স্বজনেরা চরম বিপাকে পড়েন। মূলত সেই মানবিক তাগিদ থেকেই 'মাফাতুল জান্নাত লিল্লাহ কবরস্থান'-এর জন্য নিজ সম্পত্তি থেকে সাত শতাংশ জমি দান করেছি।" এ সময় তিনি তাঁর মরহুম বাবা আবিদ মাস্টার ও মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সকদিরামপুর ভরাডোর খালপাড় আশরাফুল উলুম এতিমখানা ও জামে মসজিদের খতিব মাওলানা কাউসার আহমেদ, কৃষ্ণপুর চৌমুহনী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহাবুদ্দিন, সকদিরামপুর পয়লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদির, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বকাউলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষে চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আশেকে এলাহী বিশেষ মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক মুসল্লি ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়