প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৯:৩০
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শুধু ভালো ফলাফল করলেই হবে না, সৎ আদর্শবান মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে
--------জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুরের জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান বলেছেন, একজন শিক্ষার্থীর জীবনে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা দুটিই গুরুত্বপূর্ণ। অভিভাবক যারা আপনারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি অনুরোধ রইলো, আপনার সন্তানকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কারিকুলামের সাথে পরিচিত করুন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতির চর্চা ও নৈতিক শিক্ষা গ্রহণ করা জরুরি। কারণ, শিক্ষার্থীকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের সৎ, আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে সন্তানদের মানসিকতা সৃষ্টি হয়, সমাজের কল্যাণে তাদের কাজ করার আগ্রহ বাড়ে। ভালো এবং আদর্শবান হিসেবে আপনার সন্তানরা গড়ে উঠলে আর কোনো পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না।
রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জের গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবক ও মকবুল স্মৃতি সংসদের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও বিল্লাল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফয়েজ আহমেদ মোল্লা, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. আবুল কালাম আজাদ, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির আহমদ। পরে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।








