শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:৩১

চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কে বিদ্যুতের হেলে যাওয়া খুঁটিতে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি

সংস্কার কাজ চলমান থাকাবস্থায় বড় ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি

কবির হোসেন মিজি

চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কে একদিকে চলছে ব্যাপক সংস্কার কাজ, অন্যদিকে জীবনের চরম ঝুঁকি নিয়ে অব্যাহত রয়েছে ভারী ও বড় ধরনের যানবাহন চলাচল। সংস্কার কাজ চলায় রাস্তা এমনিতেই সংকুচিত ও খানাখন্দে ভরা, তার ওপর সড়কের পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। এমতাবস্থায় সড়কটির সংকুচিত পরিসর দিয়েই প্রতিদিন নিয়ম না মেনে চলছে বড় বড় কাভার্ড ভ্যান ও ট্রাক, যাতে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের বিপর্যয়

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বেলা ১২টার দিকে এমনই এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন শতাধিক পথচারী ও যাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইপাস সড়কটির পাশে দীর্ঘদিন ধরে একাধিক বিদ্যুতের খুঁটি বিপজ্জনকভাবে হেলে রয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে একটি দ্রুতগামী বড় কাভার্ড ভ্যান সংকুচিত সড়ক দিয়ে যাওয়ার সময় সজোরে হেলে পড়া একটি খুঁটিতে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে তারে তারে শর্ট সার্কিট হয়ে অগ্নিস্ফুলিঙ্গ ছড়াতে থাকে এবং খুঁটিটি তীব্রভাবে কেঁপে ওঠে। বিকট শব্দ ও আতঙ্কে পথচারী ও স্থানীয়দের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। এ সময় বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়তেও দেখা যায়।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, অল্পের জন্যে একটি ভয়াবহ বড় দুর্ঘটনাগণমৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে পুরো এলাকা। এ সময় যদি ধাক্কা লাগা খুঁটির কারণে সব ক'টি খুঁটি একদিকে হেলে পড়ে যেতো, তাহলো পুরো এলাকা জুড়ে শত শত মৃত্যুর ঘটনা ঘটতে পারতো।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কের পাশে বিপজ্জনকভাবে হেলে থাকা এই বৈদ্যুতিক খুঁটিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি ও অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

স্থানীয়দের দাবি, সড়কটিতে সংস্কার কাজ চলাকালীন বড় ও ভারী যানবাহন যেমন ট্রাক, পিকাআপ, কাভার্ড ভ্যান, দশ চাকার ট্রাক চলাচল অবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে। একই সাথে দুর্ঘটনা কবলিত ও হেলে পড়া বিদ্যুতের খুঁটি জরুরি ভিত্তিতে মেরামত বা নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। বর্তমানে সড়কে সংস্কার কাজ চলাকালীন হেলে পড়া খুঁটিগুলো সোজা করার পদক্ষেপ নেয়াই উত্তম। সড়কের সংস্কার কাজ সমাপ্তির পর এমন পদক্ষেপ নিলে সদ্য সংস্কারকৃত সড়ক কেটে মাটি খুঁড়ে বিদ্যুতের খুঁটির হেলে পড়া রোধে কাজ করতে হবে। তখন সাধারণ্যে সৃষ্ট নেতিবাচক প্রতিক্রিয়া সংবাদের উপজীব্য হয়ে যাবে। তাই বর্তমান কাজ চলাকালীন সময়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিগুলো দ্রুত মেরামত করার পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।

পাশাপাশি সড়কের ওপর বা একদম গা ঘেঁষে স্তূপ করে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে পথচারী ও অন্যান্য হালকা যানের জন্যে জায়গা সুপ্রশস্ত করা জরুরি।

সড়কটির সংস্কার কাজের ধীরগতি এবং নিরাপত্তার চরম অভাব নিয়ে ক্ষোভ বাড়ছে সর্বস্তরের মানুষের। অঘটন ঘটার আগেই বিদ্যুৎ বিভাগ ও সড়ক বিভাগের সমন্বিত পদক্ষেপে দ্রুত সমাধান চান সাধারণ মানুষ।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়