প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২২:৩৫
চাঁদপুরে মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং আলোচনা সভা

চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থিম সং, ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে ২০২৬ সালে প্রস্তুতকৃত মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রদর্শনীর মাধ্যমে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সচেতন করা হয়। পরে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী আলোচনা সভা। এতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








