প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১:০৯
ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই
----জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম বলেছেন, শুধু মতলব নয়, চাঁদপুর তথা সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং একটি সুস্থ, সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তারেক রহমানের সরকার কাজ করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই।
|আরো খবর
শনিবার (১ আগস্ট ২০২৬) মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আয়োজিত শিক্ষার গুণগত মানোন্নয়ন ও পরিবেশ বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রশাসক আরো বলেন, আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার মানোন্নয়নে তারেক রহমানের সরকার সবচেয়ে বেশি দৃষ্টি রাখছে। কারণ একটি জাতিকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষা খাতের সংস্কার ও উন্নয়ন অপরিহার্য। আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিকল্পনা অনুযায়ী চলছে, তার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষায় গুণগত পরিবর্তন আনার কাজ চলছে। আমাদের শিক্ষকরা যাতে কোনো ধরনের বৈষম্য বা সংকটের মধ্যে না থাকেন এবং তারা যেন সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পাঠদান করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ আন্তরিক। শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। একই সাথে আমাদের সন্তানদের মাদক, সন্ত্রাস এবং যে কোনো অবক্ষয় থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথভাবে পাহারা দিতে হবে। তাই আসুন, দলমত নির্বিশেষে সকলে মিলে আমাদের আগামী প্রজন্মের জন্যে একটি সুন্দর, আলোকিত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলি।
ছবি ক্যাপশন- মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম।








