প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২০:৪৩
বিষ্ণুপুর ইউপি নির্বাচন
মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনাম চৌধুরী

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনাম চৌধুরী এলাকার সর্বস্তরের মানুষের সাথে সংযোগ ও কুশল বিনিময় করেছেন।
|আরো খবর
শুক্রবার (১০ জুলাই ২০২৬) তিনি ইউনিয়নের মসজিদে জুমার নামাজ আদায় ও দোয়া মাহফিলে শরিক হয়ে মুসল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজ উপলক্ষে এনাম চৌধুরী প্রথমে বিষ্ণুপুর হযরত শাহজালাল জামে মসজিদে উপস্থিত হয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সাথে হাত মিলিয়ে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে তিনি হাজরা বাড়ি ঈদগাহ জামে মসজিদে আয়োজিত একটি বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।
এ সময় মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক মতবিনিময়ে এনাম চৌধুরী বলেন, আমাদের পরিবারের একটি দীর্ঘ পারিবারিক ঐতিহ্য রয়েছে। আমার পরিবার সবসময় এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলো এবং এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার চেষ্টা করেছে। সেই দায়বদ্ধতা থেকেই আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও ভালোবাসা চাইতে এসেছি।
তিনি আরো বলেন, আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান সমর্থন ও সহযোগিতা দেন, তবে আমি নির্বাচিত হয়ে আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে বিষ্ণুপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
মতবিনিময়শেষে হাজরা বাড়ি ঈদগাহ জামে মসজিদের দোয়া মাহফিলে দেশ, জাতি এবং বিষ্ণুপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সমাজসেবক এনাম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক রাজনৈতিক সফলতার জন্যে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।








