প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২০:৫৪
স্থানীয় সরকার নির্বাচন : নাগরিক ভাবনা-৫
মাদকের সাথে জড়িত নয় এমন প্রার্থী চাই
........পারভেজ হোসেন

পারভেজ হোসেন আবির, তরুণ সমাজকর্মী এবং ক্রীড়ানুরাগী। সুন্দর সমাজ বিনির্মাণে বন্ধুদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। তার নিজ এলাকা মাদকের নরকরাজ্য। জীবনের ঝুঁকি নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন বুক চিতিয়ে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে সবসময় খেলাধুলার আয়োজন করেন। বিশ্বাস করেন ব্যস্ত জীবন তরুণদের ভুল পথ থেকে দূরে রাখে। খেলাধুলার পাশাপাশি সেমিনারের আয়োজন করে সর্বসাধারণকে সচেতন করছেন। চাকরির পাশাপাশি যখনই সময় পান খেলাধুলা আর সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন। ‘দুরন্ত এফসিজি’ নামে একটি ক্রীড়া ও সমাজিক সংগঠন পরিচালনা করেন। যে সংগঠনের তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সমাজের বিভিন্ন সংকটময় সময়ে তিনি তার দল নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে করোনাকালীন ও জলাবদ্ধতায় তার ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। রাজনীতির সাথেও যুক্ত আছেন। তবে যতোটুকু সম্ভব নোংরা রাজনীতি থেকে নিজেকে দূরে রাখেন।
|আরো খবর
স্থানীয় সরকার নির্বাচনে চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক প্রতিবেদন 'নাগরিক ভাবনা'য় তাঁর ভাবনা তুলে ধরেছেন চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম ফরহাদ’র কাছে।
চাঁদপুর কণ্ঠ : অতীতের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন?
পারভেজ : অতীতে স্থানীয় সরকার নির্বাচন ছিলো দলীয় প্রতীকে। যার কারণে নৌকা যে পাইতো সে ভাবতো সে পাস। আসলেই সে বিজয়ী হতো, সেটা যেভাবেই হোক। এ কারণে মানুষ ভোট দিতে যেতো না। আমি নিজেও ভোট দিতাম না। যে ভোটের প্রতিফলন নেই সেই ভোট দিয়ে কী লাভ?
চাঁদপুর কণ্ঠ : স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় বা দলীয় কোনটি আপনার পছন্দ?
পারভেজ : স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া ভালো। এতে করে জনগণ তাদের পছন্দমত ব্যক্তিকে ভোট দিতে পারবে।
চাঁদপুর কণ্ঠ : এ নির্বাচনে কেমন প্রার্থী বা কাকে আপনি দেখতে চান?
পারভেজ : নির্বাচনে শিক্ষিত, সামাজিক কাজ করে এবং মাদকের সাথে জড়িত নয় এমন প্রার্থী চাই।
চাঁদপুর কণ্ঠ : স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনার নিজস্ব কোনো অভিমত আছে? থাকলে বলতে পারেন।
পারভেজ : স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে হলে অনার্স বা ডিগ্রি পাস হওয়া চাই। আর কাউন্সিলর ইন্টার (এইচএসসি) পাস হলে ভালো হয়। বর্তমানে নাগরিক সেবা অধিকাংশই ডিজিটাল বা অনলাইনভিত্তিক। একজন জনপ্রতিনিধি যদি অশিক্ষিত বা অর্ধশিক্ষিত হয় তাহলে সে এগুলো বুঝবে না। যেটা নিজে বুঝবে না সেটা জনগণকে কীভাবে বোঝাবে বা সেবা দিবে?
চাঁদপুর কণ্ঠ : আপনি কি মনে করেন রাজনীতি সঠিক পথে এগুচ্ছে?
পারভেজ : আমার কাছে মনে হচ্ছে রাজনীতি সঠিক পথে এগুচ্ছে না। রাজনীতিকে জনমুখী, জনকল্যাণমুখী করতে হবে। রাজনীতি হবে মানুষের জন্যে, দেশের জন্য। আমাদের নীতি হওয়া উচিত 'সবার আগে বাংলাদেশ'। যার মধ্যে দেশপ্রেম নেই তার রাজনীতিতে আসার দরকার নেই। রাজনীতিকে উপার্জনের হাতিয়ার হিসেবে না নিয়ে জনসেবা এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। রাজনীতিকে সঠিক পথে নিতে হলে আগে আমাদের রাজনৈতিক ব্যবস্থার আরো পরিবর্তন করতে হবে।
উল্লেখ্য, পারভেজ ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা। ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিপরীত পাশে তাঁদের বসত বাড়ি। তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে 'দলকানা' রাজনীতি করেন না। তিনি একটা ঔষধ কোম্পানিতে চাকরি করেন। পেশা খুব বেশি বড়ো না হলেও তাঁর চিত্তটা অনেক বড়ো। প্রসারিত চিত্ত দিয়েই তিনি সমাজ পরিবর্তন করতে চান।








