বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৭:৪০

চাঁদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু: প্রথম দিনেই অনুপস্থিত ৩৯০, অসদুপায় অবলম্বনে ১ মাদ্রাসা ছাত্র বহিষ্কৃত

মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি।
চাঁদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু: প্রথম দিনেই অনুপস্থিত ৩৯০, অসদুপায় অবলম্বনে ১ মাদ্রাসা ছাত্র বহিষ্কৃত

ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চাঁদপুর জেলায় শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে জেলাজুড়ে মোট ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া পরীক্ষার প্রথম দিনেই অসদুপায় অবলম্বনের দায়ে আলিম পরীক্ষার এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

আজ ২ জুলাই ২০২৬ (১৮ আষাঢ় ১৪৩৩) জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) নাঈমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার প্রথম দিনের সার্বিক পরিসংখ্যান তুলে ধরা হয়।

প্রথম দিনেই ৩৯০ পরীক্ষার্থী অনুপস্থিত: জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আজ চাঁদপুর জেলার মোট ৫২টি কেন্দ্রের সবকটি থেকেই পরীক্ষার তথ্য সংগ্রহ করা হয়েছে। ৪টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজকের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,০৩৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৩,৬৪৩ জন এবং অনুপস্থিত ছিলেন ৩৯০ জন পরীক্ষার্থী।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় ৩২টি কেন্দ্রে ১০,৭০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১০,৪৬৯ জন, অনুপস্থিত ছিলেন ২৩৭ জন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১১টি কেন্দ্রে ২,৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২,২৪৬ জন, অনুপস্থিত ছিলেন ১২১ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় ৩টি কেন্দ্রে ১৪২ জনের মধ্যে ১৩৯ জন অংশ নেন, অনুপস্থিত ছিলেন ৩ জন।
একই বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) বাংলা-২ পরীক্ষায় ৬টি কেন্দ্রে ৭৯৭ জনের মধ্যে অংশ নেন ৭৬৮ জন, অনুপস্থিত ছিলেন ২৯ জন শিক্ষার্থী।

শাহরাস্তিতে ১ পরীক্ষার্থী বহিষ্কার: পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম ইমাম হোসেন (রোল নম্বর: ১৭০৬৯৭)। সে শাহরাস্তি উপজেলার ‘রাটং ইসলামিয়া আলিম মাদ্রাসা’ পরীক্ষা কেন্দ্রের ছাত্র এবং তার বাবার নাম জসিম উদ্দিন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নকল করার অপরাধে তাকে হাতেনাতে ধরে নিয়মানুযায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রথম দিনে কোনো পরীক্ষা পরিদর্শক বা শিক্ষক বহিষ্কৃত হননি।

কঠোর নজরদারিতে প্রশাসন: পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে চাঁদপুর জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ অত্যন্ত তৎপর রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ইতোমধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (উন্নয়ন) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক মহোদয়ের সরাসরি নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়