প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৫:১৩
আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকী পালন

বাংলা সাহিত্যের প্রথাবিরোধী ও নির্ভীক বুদ্ধিজীবী আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকীর প্রাণবন্ত আলোচনা 'বইছায়া'র আয়োজনে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার, সমাজসেবক ও শিক্ষানুরাগী আরমান চৌধুরী রবিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান আলোচক লেখক ও গবেষক তাহমিদাল জামি, ব্যাংকার ও সাহিত্যকর্মী মো. বেলায়েত হোসেনসহ অন্যরা।
'বইছায়া'র সভাপতি আবু বকর সিদ্দিকির সার্বিক তত্ত্বাবধানে আহমদ ছফার জীবন, সাহিত্য, সংস্কৃতি ও কর্মজীবনের ওপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এবারের সভার মূল বিষয় ছিলো 'সমাজ পরিবর্তনে আহমদ ছফার দ্রোহ ও বর্তমান তরুণ প্রজন্ম'।
সভায় চাঁদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও স্থানীয় সাহিত্যিকরা অংশ নেন।
বক্তারা বলেন, আহমদ ছফা ছিলেন বুদ্ধিবৃত্তিক দাসত্ব ও অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। মফস্বল শহরগুলোতে মুক্তবুদ্ধি ও প্রগতিশীল চর্চা বাঁচিয়ে রাখতে ছফার ক্ষুরধার লেখনী আজও তরুণদের বড়ো অনুপ্রেরণা।
আলোচনা পর্বশেষে স্থানীয় কবি ও আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে আহমদ ছফার কবিতা থেকে আবৃত্তি এবং তাঁর জীবনভিত্তিক স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও 'বইছায়া'র সকল সদস্য উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন আয়শা লী এবং সুস্মিতা দাশ।








