প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৫:০৫
চাঁদপুর রোটারী ক্লাবের যৌথ বোর্ড সভা ও কলার হস্তান্তর

রোটারী বর্ষ ২০২৫-২০২৬-এর কার্যক্রম মূল্যায়ন, নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে চাঁদপুর রোটারী ক্লাবের যৌথ বোর্ড সভা ও কলার হস্তান্তর এবং জিরো আওয়ার সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাতে চাঁদপুর রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বোর্ড সদস্য এবং রোটারিয়ানরা অংশগ্রহণ করেন।
সভায় সদ্য সমাপ্ত রোটারী বর্ষ ২০২৫-২০২৬-এর বিভিন্ন সেবামূলক কার্যক্রম, অর্জন ও সাংগঠনিক সাফল্য পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে বিদায়ী সভাপতি মো. মোস্তফা ফুল মিঞা এবং বিদায়ী সেক্রেটারী মো. নাজিমুল ইসলাম এমিল আনুষ্ঠানিকভাবে কলার হস্তান্তরের মাধ্যমে নতুন রোটারী বর্ষ ২০২৬-২০২৭-এর সভাপতি অ্যাড. পলাশ মজুমদার এবং সেক্রেটারী মো. রফিকুল ইসলামের কাছে দায়িত্ব অর্পণ করেন। এ সময় উপস্থিত রোটারিয়ানরা করতালির মাধ্যমে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি অ্যাড. পলাশ মজুমদার তাঁর বক্তব্যে বিদায়ী নেতৃত্বের সফল কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, রোটারীর মূল দর্শন মানবসেবা। সেই আদর্শকে ধারণ করে নতুন রোটারী বর্ষে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে আরও বিস্তৃত সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি ক্লাবের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি নতুন রোটারী বর্ষের কর্মপরিকল্পনা, প্রস্তাবিত বাজেট এবং বিভিন্ন সাব-কমিটি ঘোষণা করেন। পাশাপাশি প্রতিটি কমিটিকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হয়।
বিদায়ী সভাপতি মো. মোস্তফা ফুল মিয়া বলেন, সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফলে গত রোটারী বর্ষে ক্লাব বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি নতুন নেতৃত্বের প্রতি শুভ কামনা জানিয়ে রোটারীর সেবামূলক কর্মকাণ্ড আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী সেক্রেটারী মোহাম্মদ নাজিমুল ইসলাম এমিলও নতুন কমিটির সার্বিক সফলতা কামনা করেন এবং ক্লাবের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপস্থিত রোটারিয়ানরা নতুন রোটারী বর্ষে ক্লাবের সেবামূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য অ্যাড. ইকবাল বিন বাশার, সাবেক সভাপতি ডা. এসএম সহিদ উল্লাহ, ডা. এমজি ফারুক ভূঁইয়া, কাজী শাহাদাত, নাসির উদ্দিন খান, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, শাহেদুল হক মোরশেদ, খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, প্রেসিডেন্ট ইলেক্ট উজ্জ্বল হোসাইন, সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা প্রমুখ।
রাত ১২টায় কেক কেটে জিরো আওয়ার সেলিব্রেশন করা হয়।
অনুষ্ঠানে রোটারিয়ান, রোটার্যাক্টর ও ইন্টার্যাক্টররা উপস্থিত ছিলেন।








