প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১২:৪০
বিশ্বকাপ ফুটবল-২০২৬ : বাতিগোল থেকে মেসি
আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, আবারও বিশ্বজয়ের স্বপ্ন
----সাংবাদিক মমিনুল ইসলাম

বিশ্বকাপ ফুটবল-২০২৬ ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা, আবেগ ও প্রত্যাশার কথা জানালেন ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মী মমিনুল ইসলাম। তিনি বলেন, আমি আর্জেন্টিনার সমর্থক।
|আরো খবর
সমর্থনের কারণ জানতে চাইলে মমিনুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল ওমর বাতিস্তুতার খেলা তাকে আর্জেন্টিনার প্রেমে ফেলেছিল। তার ভাষায়, ফুটবল ইতিহাসে এমন কিছু স্ট্রাইকার আছেন, যাদের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে গোল করার শিল্প। গ্যাব্রিয়েল বাতিস্তুতা ছিলেন সেই বিরল শ্রেণির একজন। তিনি শুধু গোল করতেন না, গোলকে রূপ দিতেন একেকটি শিল্পকর্মে। তার শক্তিশালী শট, নিখুঁত ফিনিশিং এবং অদম্য লড়াকু মানসিকতা তাঁকে বিশ্ব ফুটবলের অন্যতম স্মরণীয় স্ট্রাইকারে পরিণত করেছিলো। ‘বাতিগোল’ নামেই তিনি ছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক। মূলত তার কারণেই আর্জেন্টিনাকে ভালোবাসতে শুরু করি।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনার গল্প শুনে বড়ো হয়েছেন। এরপর আরিয়েল ওর্তেগা, কার্লোস তেভেস, আনহেল দি মারিয়া এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির মতো তারকাদের নৈপুণ্য আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসাকে আরও গভীর করেছে।
সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়ন সম্পর্কে তিনি বলেন, ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিলো। এবারও দলে রয়েছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই তিনি গোল করে সবাইকে মুগ্ধ করছেন। আমার বিশ্বাস, এবারও দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনা চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে।
বিশ্বকাপ নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়ে মমিনুল ইসলাম বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমার আবেগ ও ভালোবাসার প্রতীক। দলটির প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দিয়ে আর্জেন্টিনা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে। মেসির নেতৃত্বে আরেকটি বিশ্বজয় দেখার অপেক্ষায় আছি।
তিনি মনে করেন, ফুটবল বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের মিলনমেলা। আর সেই আবেগের কেন্দ্রবিন্দুতে এবারও থাকবে তার প্রিয় দল আর্জেন্টিনা।








