প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:৫৫
বিদায়ের ক্ষণে আবেগঘন বার্তায় পুলিশ সুপার মো. রবিউল হাসান
চাঁদপুরবাসীর ভালোবাসা হৃদয়ে অমলিন থাকবে

চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও ক্ষমাপ্রার্থনার এক আবেগঘন বার্তা দিয়েছেন। কর্মমেয়াদ শেষে সোমবার (২৯ জুন ২০২৬) বর্তমান কর্মস্থল থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বার্তা প্রকাশ করেন। বার্তায় তিনি উল্লেখ করেন, আল্লাহর অশেষ কৃপা ও সরকারের নির্দেশনায় ২০২৫ সালের ২৯ নভেম্বর চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর বহুল প্রতীক্ষিত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর এবং মতলব উত্তরে নাসির উদ্দিন পাটোয়ারীর আগমনসহ গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো চাঁদপুর জেলা পুলিশ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হয়েছে ।
তিনি বলেন, চাঁদপুরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার লক্ষ্যে পরিচালিত কার্যক্রমে জেলার সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছেন। দায়িত্ব পালনকালে জেলার বিভিন্ন স্থানে গিয়ে তিনি মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন, যা তাঁর হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে। বিদায়ী পুলিশ সুপার তাঁর বার্তায় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের গুণীজন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনের সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁদের সহযোগিতা ছাড়া দায়িত্ব পালনের অনেক কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। একই সঙ্গে তিনি তাঁর পরিবার—স্ত্রী, সন্তান, পিতা-মাতা এবং শ্বশুর-শাশুড়ির প্রতিও কৃতজ্ঞতা জানান। তাঁদের অব্যাহত সমর্থন ও অনুপ্রেরণাই তাঁকে দায়িত্ব পালনে সাহস ও শক্তি যুগিয়েছে বলে উল্লেখ করেন।
বার্তার শেষাংশে রবিউল বলেন, “আমি একজন মানুষ হিসেবে সব কাজ করতে পারিনি। তবে দায়িত্ব পালনে আন্তরিকতা ও চেষ্টার কোনো ঘাটতি ছিল না। যদি কোনো ক্ষেত্রে সফল হয়ে থাকি, তার কৃতিত্ব চাঁদপুরবাসী ও আমার সহকর্মীদের। আর আমার আচরণ, কথা বা অন্য কোনো কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে মহানুভবতার সঙ্গে আমাকে ক্ষমা করে দেবেন।” তিনি চাঁদপুরবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং সবার জন্য দুনিয়া ও আখিরাতে আফিয়াত ও সম্মানময় জীবন কামনা করেন। বিদায়ের প্রাক্কালে পুলিশ সুপার রবিউলের এই আবেগঘন বার্তা চাঁদপুরবাসীর হৃদয় স্পর্শ করেছে এবং তাঁর কর্মজীবনের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে।








