প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২৩:২৪
শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপে বাবুরহাট এফসির দুর্দান্ত শুভ সূচনা
মেহেদী ‘মেসি’র নৈপুণ্যে ২-১ গোলের জয়

হাজীগঞ্জ ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাবুরহাট এফসি ক্লাব ২-১ গোলের ব্যবধানে শাহরাস্তি কিক আপ এফসি ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করেছে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাবুরহাট এফ সি ক্লাবের মেহেদী 'মেসি’।
|আরো খবর
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলার শুরু থেকেই বাবুরহাট এফসি ও তাদের সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। দর্শকদের করতালি, বাদ্যযন্ত্র এবং সমর্থকদের স্লোগানে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
খেলায় বাবুরহাট এফসি ক্লাবের সকল পরিচালক উপস্থিত থেকে দলকে উৎসাহ প্রদান করেন। ক্লাবের পরিচালক আনিসুজ্জামান জুয়েল বলেন, “আজকের জয়ে আমরা আনন্দিত। তবে মাঠের উঁচু-নিচু অবস্থা ও কিছু সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের স্বাভাবিক খেলাটি খেলতে পারিনি। তারপরও দল জয় পেয়েছে। আমরা আশা করি আগামী ম্যাচগুলোতে আরও ভালো খেলবো এবং ইনশাআল্লাহ সকল বাধা পেরিয়ে এই গোল্ডকাপের শিরোপা জয় করবো।”
বাবুরহাট থেকে তিনটি বাস, কয়েকটি মাইক্রোবাস এবং প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলে করে সমর্থকরা বাদক দলসহ হাজীগঞ্জে উপস্থিত হন, যা ম্যাচটিতে বাড়তি আকর্ষণ যোগ করে। খেলা শেষে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “আজকের খেলাটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ও উপভোগ্য হয়েছে। হাজীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হওয়ায় দর্শকরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পেরেছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বার্তা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
খেলাশেষে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন মেহেদী ‘মেসি’। মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ দর্শকরাও মন্তব্য করেন, তিনি যেন ফুটবল জাদুকর লিওনেল মেসির মতোই খেলেছেন। ভবিষ্যতেও তার এমন পারফরম্যান্স দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
উদ্বোধনী ম্যাচে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ-উৎসব এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো নিয়েও ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।








