প্রকাশ : ২২ জুন ২০২৬, ০১:১৮
বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

মতলবের ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে মো. মিনহাজ (২১) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন ২০২৬) ভোর প্রায় সাড়ে ৫টায় ধনাগোদা নদীর জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মিনহাজ মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে।
|আরো খবর
নিহত মিনহাজের মামা বিল্লাল হোসেন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিনহাজের সাথে শিবলু, আমির ও ইব্রাহিম অন্যান্য দিনের ন্যায় ব্যাটারীচালিত ইলেকট্রনিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে নদীতে মাছ ধরছিলেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, ইলেকট্রিক শকে মারা যাওয়া একটি বড়ো মাছ ঝুড়ি থেকে পড়ে গেলে ওই মাছটি ধরতে মিনহাজ পানিতে লাফ দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে তার স্বজনদের খবর দিয়ে পালিয়ে যায়। মিনহাজের মামা বিল্লাল সেখান থেকে তাকে সকাল ৬টা ১০ মিনিটে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ডায়েরি হয়েছে। লাশ ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ডিসিকে /এমজেডএইচ








